মেঘনার ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধের উদ্যোগ, জানালেন পানিসম্পদ মন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী অর্থবছর থেকেই ভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

রোববার (১৭ মে) নোয়াখালীর সুবর্ণচরে মেঘনার ভাঙনকবলিত মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের এলাকা পরিদর্শন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাঙনের চিত্র দেখে মন্ত্রী বলেন, চোখের সামনে মানুষের ঘরবাড়ি, বাজার ও স্কুল নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষের পাশে থাকা এবং তাদের জানমাল রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব। সে দায়িত্ব থেকেই আমরা এলাকা দেখতে এসেছি।

বর্ষা ও অতিবৃষ্টির আগে ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বর্ষা সামনে থাকায় আমরা ইতিমধ্যে জরুরি কাজ হাতে নিয়েছি। আরও দুই-তিনটি পয়েন্টে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীর ওপারে উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ পুরো হাতিয়া এলাকায় ভাঙন রোধে আমাদের বিশেষ নজর আছে। সেখানে অনেক প্রকল্প চলমান। তবে সুবর্ণচরের মানুষের দীর্ঘদিনের চাওয়া একটি স্থায়ী বাঁধ। যেখানে এখন সবচেয়ে বেশি দরকার, সেখানে আমরা টেকসই কাজ করব। স্টাডি রিপোর্ট শেষ হলে আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

সরকারের তিন মাসের কাজের বিষয়ে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে ১৭ ফেব্রুয়ারি থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। এই তিন মাসে প্রতিটি খাতে উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর চৌধুরী আলো, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ আজাদসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।