রোববার দেশে ফিরছে অভিনেত্রী কারিনার মরদেহ, দুই দফা জানাজা শেষে দাফন মুন্সিগঞ্জে

১০

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার (১৭ মে) দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, ভারতের চেন্নাই থেকে কারিনার মরদেহ আগামীকাল দুপুরে দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কায়সার হামিদ।

লিভার জটিলতায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও বাস্তবসম্মত কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিজের অবস্থান তৈরি করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।