কুমিল্লায় পথে পথে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

২১

চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ১৬ মে বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। এ সময় বিপুল জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি।

সরেজমিনে দেখা গেছে, খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিশের বাড়ি চাঁদপুর যাচ্ছেন। পথে কুমিল্লায় মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী দাউদকান্দি সীমানায় পৌঁছালে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও তখন নেতাকর্মীদের সঙ্গে ছিলেন।

দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাস ঘিরে ফেলেন।

এ সময় প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে চান্দিনা, নিমসার, আলেখারচর এলাকায়ও হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেবেন।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং উষ্ণ অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক জনতা মহাসড়কের ওপর অবস্থান নেয়। কুমিল্লায় মহাসড়কের ওপর লাখের বেশি নেতাকর্মী-সমর্থক উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।