কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের

২৮

কুমিল্লায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, কুমিল্লা শহরের নাগরিকদের জন্য কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।