শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু

৩৩

চব্বিশের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (১৩ মে)
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

আদেশে ১০ জুন এই মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের দিন ধার্য করা হয়েছে। শুরুতেই আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী প্রসিকিউশনের আনা অভিযোগ পড়ে শোনান।

গত ১৯ এপ্রিল প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ পড়ে শোনান এবং বিচার শুরুর আবেদন করেন। ২৩ এপ্রিল আসামিপক্ষ অব্যাহতি চেয়ে শুনানি করে। মঙ্গলবার আদেশের দিন ধার্য থাকলেও মুলতবি করা হয়।

শামীম ওসমান ছাড়া অন্য আসামিরা হলেন ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।