কাঁটাতার ইস্যুতে দিল্লির সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৫

সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।” সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে।”

চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরে ফোন দেওয়ার অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের সাত দিনের জন্য মনিটরিং সেল গঠন করা হবে। সেখান থেকে সবকিছু মনিটর করা হবে।

এবারে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট হবে। এ ছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।