নাহিদ রানার পাঁচ উইকেটে পাকিস্তানকে ১০৪ রানে হারাল বাংলাদেশ

৪০

মিরপুর টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। শেষ সেশনে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক হয়েছেন গতিতারকা নাহিদ রানা। এ জয়ে সিরিজে এগিয়ে গেল শান্তবাহিনী।

প্রথম ইনিংসে ৪১৩ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রান।

মঙ্গলবার (১২ মে) লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। তাসকিনের বলে ২ রানে ফেরেন ইমাম-উল-হক। এরপর মেহেদী মিরাজের বলে বোল্ড হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান আওয়াইস, করেন ১৫ রান। নাহিদ রানার বলে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ২ রানেই বিদায় নেন অধিনায়ক শান মাসুদ।

চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়েন। ফিফটি করা ফজলকে ৬৬ রানে এলবিডব্লিউ করেন তাইজুল। পরের ওভারেই তাসকিন ফেরান ২৬ রান করা সালমানকে।

এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। সৌধ শাকিলকে ১৭ রানে ক্যাচে পরিণত করার পরের ওভারেই ১৪৭ কিমি গতির ইন-সুইঙ্গারে বোল্ড করেন রিজওয়ানকে। তাইজুলের বলে এলবিডব্লিউ হন হাসান আলী।

শেষ দিকে নোমান আলি ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূর্ণ করেন নাহিদ। ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। নাহিদ নেন ৫ উইকেট, তাসকিন ও তাইজুল নেন ২টি করে।

এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে শান্ত ৮৭, মুমিনুল ৫৬, মেহেদী মিরাজ ২৪, মুশফিক ২২, লিটন ১১ ও তাসকিন ১১ রান করেন। প্রথম ইনিংসে মুমিনুল ও শান্তর সেঞ্চুরিতে ৪১৩ রান করেছিল বাংলাদেশ।