লাইফ সাপোর্টে নাট্যজন আতাউর রহমান, দোয়া চাইলেন মেয়ে শর্মিষ্ঠা

৩১

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন নাট্যজন আতাউর রহমান। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মেয়ে শর্মিষ্ঠা রহমান।

গত ৮ মে বাসায় পড়ে যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হয় আতাউর রহমানের। এরপর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউ সাপোর্ট প্রয়োজন বলে জানান। সেখানে তাৎক্ষণিক আইসিইউ সুবিধা না পাওয়ায় ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেখানে ভর্তির পরই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় রোববার আবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে দেশের একটি সংবাদমাধ্যমকে নাট্যজনের শারীরিক অবস্থার তথ্য জানান মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি বলেন, আব্বার অবস্থা খুব একটা ভালো না, জটিল। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে, চিকিৎসক এমনটাই জানিয়েছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।

প্রসঙ্গত, আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম তার। সংস্কৃতি ও নাট্যঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন তিনি।