কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর জায়গা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর মতো জায়গা নেই।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ডর দেখানোর মতো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। সরকারও কাঁটাতার ভয় পায় না। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলব।

প্রসঙ্গত, সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসা বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বিএসএফকে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।

গত মাসের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। ৯ মে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে দলটি। পরে তিনি শপথ নেন।