বৃষ্টির আশঙ্কায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: সেতুমন্ত্রী

২৯

বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পর্যায়ক্রমে পোশাক কারখানায় ছুটি দেওয়া হবে।

সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেওয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করবে বলে নিশ্চিত করেছে।

তিনি বলেন, গতবার বিজিএমইএর সঙ্গে তিন ধাপে গার্মেন্টস ছুটি দেওয়ার কথা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি, শেষদিনে চাপ পড়েছিল। ফলে গার্মেন্টস ছুটির দিন গাজীপুরসহ আশপাশের এলাকায় ১০ থেকে ১৫ লাখ যাত্রী সমাগম হয়েছিল।

ঈদ ঘিরে ঘরমুখো যাত্রীদের চাপ প্রসঙ্গে তিনি বলেন, ঈদের সময় যাত্রীরা ছুটির পরেই দ্রুত বাড়ি যেতে চান। তারা রাস্তায় নেমে বাস-ট্রাক-পিকআপ যেটি পান, সেটিতেই ওঠার চেষ্টা করেন। ফিটনেস থাকুক আর না থাকুক তারা চেষ্টা করেন। এতে যানজট তৈরি হয়। ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনাও ঘটতে পারে। এমন পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়।

সেতুমন্ত্রী জানান, এবার ঈদযাত্রা নিরাপদ করতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

বৃষ্টির প্রসঙ্গে তিনি বলেন, এবার আমরা বৃষ্টির আশঙ্কা করছি। বৃষ্টি হলে যানজটের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। তখন পর্যাপ্ত পুলিশ সদস্য রাস্তায় রাখা যায় না। গতবার একদিনের ঝড়-বৃষ্টি বেশ চ্যালেঞ্জ তৈরি করেছিল। বিশেষ করে পশুবাহী যানবাহনের জন্য এবার চ্যালেঞ্জ বেশি।