স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকার কান্ট্রি ডিরেক্টরের বৈঠক, উন্নয়ন সহযোগিতা জোরদারের আশা

১০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।

সোমবার (১১ মে) সকালে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কোইকার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়েও কথা হয়।

এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও কোইকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।