সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৪ লাখের বেশি অসচ্ছল বিচারপ্রার্থী

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ১৪ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেওয়া সেবার বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আইনি পরামর্শ সেবা পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৯৭ জন নারী, ২ লাখ ৯৪ হাজার ১০৯ জন পুরুষ, ২ হাজার ৪০৭ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৬৯ জন।

মামলায় সরাসরি আইনি সহায়তা পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৮৫ জন নারী, ২ লাখ ৩৩ হাজার ১২৯ জন পুরুষ, ২ হাজার ২২৪ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে উপকৃত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ১১ জন নারী, ১ লাখ ৭০ হাজার ৩৪০ জন পুরুষ এবং ৭০ হাজার ৮৩২ জন শিশু।

জাতীয় হেল্পলাইন কলসেন্টার স্থাপনের আগে হটলাইনের মাধ্যমে তথ্য সেবা পেয়েছেন ১০ হাজার ৪১ জন নারী এবং ৭ হাজার ২৮৭ জন পুরুষ।

সব মিলিয়ে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মধ্যে রয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৩৪ জন নারী, ৭ লাখ ৪ হাজার ৮৬৫ জন পুরুষ, ৭৫ হাজার ৪৬৩ জন শিশু এবং তৃতীয় লিঙ্গের ৭৪ জন।

‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।