হানিফ দম্পতির আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

১০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) দুর্নীতি দমন কমিশনের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে বলা হয়, মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় ১৮টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এছাড়া মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তাদের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।