নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানের চাকায় আগুন

৩৩

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানের চাকায় আগুন ধরে যায়। দুর্ঘটনার পর সব আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭২৬ ফ্লাইটটি রাতে তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয়। ভোরে কাঠমান্ডুতে পৌঁছায়। বিমানবন্দরে অবতরণের সময় বিমানের চাকায় আগুন ধরে যায়।

বিমানে ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। আগুনের খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই অবস্থাতেই রানওয়েতে অবতরণ করে বিমানটি। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কী কারণে বিমানের চাকায় আগুন ধরল তা প্রাথমিকভাবে স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নেপালের ত্রিভুবন বিমানবন্দরটি একটি ‘টেবল টপ’ বিমানবন্দর। আশপাশের জমি থেকে উঁচুতে অবস্থিত এবং রানওয়ের এক বা একাধিক দিকে খাড়া ঢাল রয়েছে। এ ধরনের বিমানবন্দরে ওঠা-নামার সময় অতীতেও বিভিন্ন সময়ে সমস্যার মুখে পড়েছে বিমান। ২০১০ সাল থেকে নেপালে একের পর এক বড় বিমান দুর্ঘটনা হয়েছে। গত বছরও কাঠমান্ডু বিমানবন্দরে দুর্ঘটনা ঘটেছিল।