১৫ বছর পর ওয়ানডে খেলতে জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, স্কোয়াড ঘোষণা

৩০

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। জুনে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে অসিরা।

সোমবার (১১ মে) সফরের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ওয়ানডে সিরিজ হবে মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন। দুপুর ২টায় শুরু হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন। প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ ম্যাচ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। এর আগে ২০১৭ সালে দুটি টেস্ট খেলে ঢাকায় হেরে চট্টগ্রামে জিতেছিল। ২০১১ বিশ্বকাপের পর সবশেষ ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা।

পাকিস্তান সফরে তিন ওয়ানডে খেলে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কোনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাশ লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন সিডনি সিক্সার্সের জোয়েল ডেভিস। বিগ ব্যাশে মোস্ট ভেলুয়্যাবল খেলোয়াড় নির্বাচিত হয়ে অ্যান্ড্রু সাইমন্ডস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের লেগ স্পিনার তানভীর সাঙ্গা ওয়ানডে দলে আছেন।

নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, ‘‘নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে দেখা সবসময়ই রোমাঞ্চকর। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে নতুন কিংবা ফিরে আসা খেলোয়াড়দের সমন্বয় এই উপমহাদেশীয় সফরে দারুণ ভারসাম্য তৈরি করবে। আগামী ১৮ মাস থেকে দুই বছরের সূচি মাথায় রেখে আমরা এ দিকটিতে গুরুত্ব দিচ্ছি।”