‘দ্য পোর্টাল অফ ফোর্স’ দিয়ে হলিউডে পা রাখলেন দিশা পাটানি

৩৯

অ্যাকশন-থ্রিলার ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

শুক্রবার (১০ মে) ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।

ট্রেলারে দিশাকে জেসিকা চরিত্রে দেখা গেছে। স্ট্যাটিগার্ডস ও হলিগার্ডস—এই দুই প্রাচীন গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাতের মাঝে আটকা পড়া কেন্দ্রীয় চরিত্র জেসিকা। তাকে ‘নির্বাচিতা’ হিসেবে দেখানো হয়েছে, যে উভয় পক্ষের প্রতিদ্বন্দ্বী নেতাদের কন্যা এবং যুদ্ধ ও মানবজাতির ভাগ্য নির্ধারণে মূল ব্যক্তিত্ব।

দিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কেভিন স্পেসি, টাইরেস গিবসন ও ডলফ লুন্ডগ্রেন। এটি লাডো ওখোটনিকভের নতুন সিনেম্যাটিক ইউনিভার্স ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম কিস্তি। কেভিন স্পেসি ছবিটি পরিচালনা করেছেন, দুই দশকের বেশি সময় পর পরিচালনায় ফিরলেন তিনি।

হলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে দিশা বলেন, আমার প্রথম আন্তর্জাতিক কাজ ছিল, একই সঙ্গে রোমাঞ্চকর ও ভীতিকর। অভিজ্ঞ ও বৈচিত্র্যময় কলাকুশলীদের সঙ্গে কাজ করাটা শিক্ষার মতো ছিল। গল্প বলা ভাষা ও ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে। আমি সবসময়ই অ্যাকশন ভালোবাসি এবং নিজের দেশে যা শিখেছি তা বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে আসাটা আমাকে শক্তি যুগিয়েছে।

নির্মাতারা সিনেমাটিকে দুটি বিরোধী প্রাচীন শক্তির মধ্যে গোপন যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার হিসেবে বর্ণনা করেছেন।

হলিউডের পাশাপাশি দিশাকে আসন্ন বলিউড সিনেমা ‘আওয়ারাঁপন ২’-এও দেখা যাবে।