স্থানীয় নির্বাচনে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী দিল এনসিপি

২৭৯

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি।

রোববার (১০ মে) বিকেলে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হচ্ছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ঈদের আগেই এ তালিকা দেওয়ার আশা করছেন তিনি।

সারজিস আলম আরও বলেন, এনসিপিতে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা নেতাকর্মীদের পাশাপাশি অন্য রাজনৈতিক দলের পরিশ্রমী, গ্রহণযোগ্য ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। যারা মানুষের ওপর জুলুমের সঙ্গে সম্পৃক্ত ছিল না এবং ফ্যাসিস্টদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বা অপরাধে জড়িত ছিলেন না, যাচাই-বাছাই করে তাদেরও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।