দক্ষিণ আফ্রিকায় গাড়ির ভেতরেই গুলিতে খুন বাংলাদেশি যুবক

দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশি যুবক সুমনকে। তার বয়স ৩৫ বছর।

স্থানীয় সময় শনিবার (৯ মে) বিকেলে নিউক্যাসল শহরে নিজের গাড়ির ভেতরে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নিউক্যাসল শহরে ব্যবসা করছিলেন সুমন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো জানা যায়নি।

তিন বছর আগে দেশে এসে বিয়ে করেন সুমন। তার দুই বছরের এক ছেলে রয়েছে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দেশে আনতে পরিবারকে সহযোগিতা করা হবে।