হাসপাতালের বেডে নিথর কারিনা, সময় ফুরানোর আগেই সাহায্য চাইলেন ফুটবলার বাবা

১৮

সামাজিক মাধ্যমে হাসিখুশি মুখ হিসেবে পরিচিত তরুণ অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, কারিনার আগে থেকেই চর্বিযুক্ত যকৃতের সমস্যা ছিল। নিয়মিত ওষুধ না খাওয়ায় জটিলতা বাড়ে। পরে শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং তিনি জন্ডিসজনিত ভাইরাসেও আক্রান্ত হন। সব মিলিয়ে যকৃত বিকল হয়ে গেলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ বলেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।

পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারত বা সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা চলছে। তবে বড় অঙ্কের চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। কায়সার হামিদ জানান, এর আগে পরিবারের এক সদস্যের ক্যানসারের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এবার মেয়ের চিকিৎসার জন্য জমি বিক্রির চেষ্টা করছেন। সময় খুব কম, তাই সরকার ও দেশবাসীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি গল্পকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার বিভিন্ন ধারাবাহিক ও অনলাইন নাটকে কাজ করে তরুণ দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। পরিবার, সহকর্মী আর ভক্তরা এখন সেই প্রাণবন্ত মেয়েটির সুস্থ হয়ে আবার পর্দায় ফেরার অপেক্ষায়।