হজযাত্রীদের ওষুধ বহনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব

১০৮

হজ পালনে যাওয়া মুসল্লিদের বিশেষ ধরনের ওষুধ সঙ্গে নিতে নতুন নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি বা এসএফডিএ। এসব ওষুধ বহনে আগে থেকেই অনুমতিপত্র নিতে হবে।

গালফ নিউজ জানিয়েছে, নিয়ন্ত্রিত ওষুধ সঙ্গে নিতে হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেম সিডিএসে ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে হবে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি। এসব নথি অনলাইনে জমা দিয়ে আগেই ছাড়পত্র নিতে হবে।

এসএফডিএ জানিয়েছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময় পর্যন্ত ওষুধ সঙ্গে রাখতে পারবেন। তবে তা কোনোভাবেই ৩০ দিনের বেশি হবে না। অর্থাৎ কারও অবস্থানের মেয়াদ ১৫ দিন হলে তিনি সর্বোচ্চ ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধই সঙ্গে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ বলছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই কড়াকড়ি। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকিও এই নিয়মের উদ্দেশ্য।

প্রতি বছর লাখো মুসল্লি হজ পালনে সৌদি আরবে যান। তাদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিতে নানা নির্দেশনা দিয়ে থাকে সৌদি কর্তৃপক্ষ।