ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৩০

ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৯ মে) ঢাকার একটি হোটেলে প্রাতরাশের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতির কথা উল্লেখ করে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ জানান।

এ সময় বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, নারী উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরা হয়। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।