পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

৩৬

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।

শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠান হয়। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা। অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচজন। তারা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। শুভেন্দুর পর পর্যায়ক্রমে শপথ নেন তারা।

গত ৪ মে রাজ্যের ভোটের ফল ঘোষণা হয়। ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় আসে বিজেপি। ভোটের আগে থেকেই মুখ্যমন্ত্রী পদে কে আসবেন তা নিয়ে জল্পনা ছিল। প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জানিয়েছিলেন, বাংলায় পড়াশোনা করা কোনো বাঙালি নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে।

ভোটে বিজেপির জয়ের পর থেকেই শুভেন্দু অধিকারীর নাম আলোচনায় ছিল। শুক্রবার পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তাকে দলনেতা নির্বাচিত করা হয়।

বৈঠক শেষে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনে আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবেই একটিই নাম ছিল। দ্বিতীয় কোনো নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।”