যুক্তরাষ্ট্রে খুন হওয়া বৃষ্টির লাশ ফিরল ঢাকায়, ইউএসএফ দিল মরণোত্তর ডক্টরেট

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে।

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে ঢাকায় আসে তার মরদেহ। বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো থেকে পাঠানোর সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা হয়। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসেছে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা দুই শিক্ষার্থীকেই মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিয়েছে। সমাবর্তনে কনস্যুলেট প্রতিনিধি তাদের পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।

নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিলও একই বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ছিলেন।

১৬ এপ্রিল নিখোঁজের পর তদন্তে জামিলের রুমমেটকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তিতে আবর্জনার ব্যাগ থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি হত্যা মামলা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় দেশে-প্রবাসে নেমেছে শোকের ছায়া।