বিশৃঙ্খলা কাটিয়ে উঠছে পুলিশ, দাবি আইজিপির

১০

পুলিশ বাহিনীতে দীর্ঘদিনের অস্থিরতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ২০২০-২১ সালে করোনা মহামারি আর পরে রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ সপ্তাহ ঠিকমতো করা যায়নি। নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে, যা বাহিনীকে আরও শৃঙ্খল ও জনবান্ধব করবে।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘নতুন প্রজন্ম যে পুলিশ চায়, সেটা গড়তে সবার সহযোগিতা লাগবে।’

পোশাক ও সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, বর্তমান ইউনিফর্মে সামান্য পরিবর্তন এসেছে। আইনশৃঙ্খলা ঠিক করা সরকারের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে। তাই দাবি তোলার আগেই সরকার আন্তরিক। আমলাতান্ত্রিক জটিলতার সেই দিন আর নেই, ফাইলে এখন দ্রুত সিদ্ধান্ত আসে।

আবাসন সংকট প্রসঙ্গে আলী হোসেন ফকির জানান, পুলিশের জনবল ২ লাখ ২০ হাজার হলেও আবাসন আছে ১ লাখ ৫ হাজারের। এখনো বড় ঘাটতি রয়েছে। প্রতিবছর কিছু সদস্য অবসরে যাচ্ছেন, আবার নতুন নিয়োগও হবে। নতুন অর্থবছরে এ সংকট সমাধানে সরকার সহায়তা করবে বলে আশ্বাস দেন তিনি।

খিলক্ষেতের নতুন ফাঁড়ি নিয়ে আইজিপি বলেন, এলাকায় সার্বক্ষণিক পুলিশি উপস্থিতি নিশ্চিত হলে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়বে। অপরাধ ঘটার আগেই প্রতিরোধ করা সহজ হবে, জরুরি ঘটনায় তাৎক্ষণিক সাড়া দেওয়া যাবে।

‘আমরা আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের দিকে যাচ্ছি। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এই ফাঁড়ি সেই ধারাবাহিকতার অংশ,’ বলেন তিনি। আইজিপি আরও যোগ করেন, জনগণ ও মিডিয়ার সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা সম্ভব নয়। তাই তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।