ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, আদালতের রায়ে বড় ধাক্কা

২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য আদালত।

বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এই রায় দেয়। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রেড অ্যাক্টের সেকশন ১২২ ব্যবহার করে বিভিন্ন দেশের ওপর এই শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। এর আগে সুপ্রিম কোর্টও ট্রাম্পের শুল্ক নীতি বাতিল করে বলেছিল, আইইইপিএ ব্যবহার করে এত বড় পরিসরে শুল্ক আরোপে প্রেসিডেন্ট ক্ষমতার সীমা ছাড়িয়েছেন।

সেকশন ১২২ অনুযায়ী, গুরুতর বাণিজ্য ঘাটতি মোকাবিলায় প্রেসিডেন্ট সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক ১৫০ দিনের জন্য দিতে পারেন। তবে বাদীদের যুক্তি, ট্রাম্প এই ধারা ব্যবহারের শর্তই পূরণ করেননি।

আদালতের রায় ট্রাম্প প্রশাসনের জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে।