হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩০

ভারী বর্ষণে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির ওপরও জোর দেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্ভুল ও স্বচ্ছ তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছে দিতে হবে।

বৃষ্টিতে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও সভায় আলোচনা হয়।

এর আগে ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে সরকার।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ হাওরাঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ।