রাশিয়ায় ‘মানবপাচার’, বাংলাদেশি ট্রাভেল কোম্পানিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

২৯

ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় বিদেশি নাগরিক পাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত নতুন তালিকায় মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের বৈদেশিক কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস জানায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জনবল ধরে রাখতে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রতারণার মাধ্যমে নিয়োগ দিচ্ছে। অনেককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে, কেউ কাজ করছে অস্ত্র ও ড্রোন কারখানায়। এই নেটওয়ার্ক ভাঙতেই নতুন নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা ড্রিম হোম ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ, তারা কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় পাঠিয়েছে। প্রতিষ্ঠানটি অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সহায়তা ও ট্যুর প্যাকেজ সেবা দেয়।

যুক্তরাজ্যের বিবৃতিতে বলা হয়, “ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল। প্রতিষ্ঠানটি রাশিয়ার সার্ভিস খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।”