নরসিংদীতে ‘দুষ্টামি’র নামে শিশুকে পায়ুপথে বাতাস, মৃত্যু

৪১

নরসিংদীর পলাশে ৯ বছরের শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৬ মে) উপজেলার গজারিয়া বাজারের একটি অটোরিকশার গ্যারেজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিকশাচালক সবুজ মিয়া পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত শিশুর নাম রামিম। সে গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে রামিম দাদা আমজাদ হোসেনের দোকানে যায়। পরে সে বাজারের ফয়সাল মিয়ার অটোরিকশা গ্যারেজে যায়। সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে সবুজ মিয়া ‘দুষ্টামির ছলে’ রিকশার চাকায় হাওয়া দেওয়ার মেশিন দিয়ে রামিমের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।

এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে সে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রামিম।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত সবুজ মিয়াকে ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।