‘অর্থনৈতিক যুদ্ধ’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা হুঁশিয়ারি ইরানের স্পিকারের

২৭

ইরানের অর্থনীতিকে টার্গেট করে যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তিনি বলেন, ওয়াশিংটন ভুল গোয়েন্দা তথ্যের ওপর ভর করে সিদ্ধান্ত নিচ্ছে। এই ভুলের মাশুল সবাইকেই দিতে হবে।

এক অডিও বার্তায় গালিবাফ বলেন, শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ প্রয়োগে আশাবাদী। কিন্তু তারা আবারও ভুল তথ্যের ভিত্তিতে ভুল পথে হাঁটছে।

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ইরানের অর্থনীতি ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হতে পারে। দেশটিতে খাদ্যপণ্যের দাম লাগামহীন। রুটি, শস্য, তেল ও চর্বিজাতীয় পণ্যের মূল্য বেড়েই চলেছে।

১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানি বন্দরে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে তেল রপ্তানি ও নিত্যপণ্য আমদানি ধাক্কা খেয়েছে।

গালিবাফের দাবি, এটি সামরিক যুদ্ধ নয়। ইরানের ভেতরে অস্থিতিশীলতা তৈরিই মূল লক্ষ্য। তিনি বিভেদ না ছড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রশ্নে ইরানের জনগণ যেকোনো চাপ রুখে দেবে।

সূত্র: শাফাক নিউজ