চুক্তি না হলে ইরানে ‘আগের চেয়ে তীব্র’ বোমাবর্ষণ: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান চুক্তিতে না এলে ‘বোমাবর্ষণ শুরু হবে’ এবং তা ‘আগের চেয়ে অনেক উচ্চমাত্রা ও তীব্রতায়’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৬ মে) সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “যদি ইরান চুক্তিতে সম্মত হওয়া বিষয়গুলো মেনে নেয়, যা হয়তো একটি বড় অনুমান, তাহলে ইতোমধ্যেই কিংবদন্তিতুল্য ‘এপিক ফিউরি’র অবসান ঘটবে এবং অত্যন্ত কার্যকর অবরোধের ফলে হরমুজ প্রণালি ইরানসহ সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদি তারা রাজি না হয়, তবে বোমাবর্ষণ শুরু হবে এবং দুঃখজনকভাবে, তা আগের চেয়ে অনেক উচ্চমাত্রা ও তীব্রতায় হবে।”

ট্রাম্প জানান, তিনি একটি চুক্তির পথ খোলা রেখেছেন যা ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের অবসান ঘটাবে। তবে দুই পক্ষের মধ্যে চুক্তিতে আসা সম্ভবত একটি ‘বড় অনুমান’।

গত মাসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।