লঞ্চ ভাড়া বাড়ল কিলোমিটারে ১৮ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়িয়েছে সরকার। কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে যাত্রীপ্রতি ভাড়া।

মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায় সরকার। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটারপ্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া আগের মতোই যথাক্রমে ১০ ও ৮ টাকা বহাল রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানান। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই বর্ধিত ভাড়া সিএনজিচালিত বাসের ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না।