সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছার ইন্তেকাল, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

১১৯

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষিত করেছেন, যারা আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।