দুদকের নামে প্রতারণা ঠেকাতে ডিসিদের নির্দেশ, হটলাইন ১০৬ চালুর আহ্বান

২৮

দুর্নীতি দমন কমিশনের নাম ভাঙিয়ে প্রতারণা ঠেকাতে এবার মাঠে নামছেন জেলা প্রশাসকরা। জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতারকদের ধরতে হটলাইন ১০৬ ব্যবহারের নির্দেশ দিয়েছে দুদক।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি মাঠ পর্যায়ে দুদক কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অনেক অভিযোগ আসছে। কেউ ফোন দিয়ে ভয় দেখিয়ে টাকা দাবি করছে। এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ১০৬ নম্বরে ফোন করে জানাতে হবে। চাইলে জেলা কার্যালয় বা সরাসরি সচিবকেও জানানো যাবে।

দুদক সচিব আরও বলেন, দুর্নীতি প্রতিরোধে গণশুনানি, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা তৈরি এবং সততা স্টোর তদারকিতে ডিসিদের বড় ভূমিকা আছে। স্কুল-কলেজ পরিদর্শনের সময় সততা স্টোর ঠিকমতো চলছে কি না, তা দেখার অনুরোধ করা হয়েছে। কোথাও সহযোগিতা লাগলে দুদক পাশে থাকবে।

কমিশনে বর্তমানে চেয়ারম্যান ও কমিশনার না থাকলেও কাজ থেমে নেই। আগের সিদ্ধান্ত অনুযায়ী অনুসন্ধান ও তদন্ত চলছে। নতুন অভিযোগগুলো যাচাই-বাছাই কমিটি দেখে রাখছে। কমিশন গঠন হলেই বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলা, গ্রেপ্তার ও আদালতের মাধ্যমে সম্পদ জব্দের পরিসংখ্যানও ডিসিদের সামনে তুলে ধরা হয়েছে।

দুদক জানিয়েছে, প্রতারকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।