জ্বালানিতে অন্য দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২৩

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে এবং চাহিদা অনুযায়ী সরবরাহ স্থিতিশীল রাখা হয়েছে।

বুধবার (৬ মে) সকালে বনানীর হোটেল শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে ‘দ্য ল কম্পাস ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন জানান, সরকার দেশি-বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা, আন্তর্জাতিক দরকষাকষি ও বিকল্প উৎস অনুসন্ধানের মাধ্যমে জ্বালানি পরিস্থিতি সামাল দিচ্ছে। তিনি বলেন, বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা নজিরবিহীন।

সংসদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দীর্ঘদিন পর প্রাণবন্ত সংসদ দেখা যাচ্ছে, যেখানে সরকারি ও বিরোধী দলের সদস্যরা খোলামনে এলাকার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর সহাবস্থান ও সাম্যাবস্থা আগামী বাংলাদেশ ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল দাবি করে মাহদী আমিন বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হচ্ছে। তিনি বলেন, আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান থাকবে। অপপ্রচারকে ‘অপরাজনীতি’ আখ্যা দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।