জিআই ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করল সরকার

দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। জিআই ট্যাগের নকশা চূড়ান্ত করে পণ্যের প্রচার, বাজারজাতকরণ ও প্রদর্শনীতে এটি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয় ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা’ সংশোধন করে ট্যাগের ডিজাইন ও ব্যবহারসংক্রান্ত নিয়ম যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। সংশোধিত বিধিমালায় নির্ধারিত ট্যাগ বিকৃতি বা অপব্যবহার করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানান, জিআই পণ্যের মালিকদের এই ট্যাগ ব্যবহার করতে বলা হবে। এতে ভোক্তারা সহজেই আসল ও মানসম্পন্ন পণ্য শনাক্ত করতে পারবেন। পাশাপাশি বিদেশে রপ্তানির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

জিআই পণ্য হলো এমন পণ্য যার বিশেষ গুণ, মান বা খ্যাতি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর জিআই সনদ দিয়ে থাকে। এখন পর্যন্ত দেশের ৬২টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে।

এর মধ্যে রাজবাড়ীর চমচম ও সাতক্ষীরার মাটির টালির জার্নাল প্রকাশিত হয়েছে। এছাড়া মানিকগঞ্জের হাজারি গুড় ও জয়পুরহাটের লতিরাজ কচুকে জিআই স্বীকৃতি দিয়ে গেজেট জারির জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত ট্যাগ ব্যবহারে দেশীয় পণ্যের ব্র্যান্ড ভ্যালু ও রপ্তানি সম্ভাবনা বাড়বে।