চট্টগ্রামের দায়িত্বে ডিসি মাসুদ, প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা মাসুদ আলম এখন থেকে বন্দরনগরী চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষার শীর্ষ দায়িত্ব সামলাবেন। মাঠপর্যায়ে দক্ষতা ও পেশাদারত্বের জন্য পুলিশ বাহিনীতে তার আলাদা পরিচিতি রয়েছে।

বগুড়ায় জন্ম নেওয়া মাসুদ আলম বর্তমানে ডিএমপির গুরুত্বপূর্ণ রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে থাকাকালে রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সচিবালয় এবং হাইকোর্টসহ বিভিন্ন এলাকায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। সংকটকালীন মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তাকে আলোচনায় আনে।

রমনা জোনের দায়িত্বের আগে মাসুদ আলম পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।