রোহিঙ্গা সংকটে তহবিল কমায় উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রী, বাড়তি সহায়তার তাগিদ

২৭

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে বৈঠকে তিনি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন ও প্রত্যাবাসনসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার পরও শুধু মানবিক কারণে বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের জন্য সহায়তা উল্লেখযোগ্য হারে কমছে। এ অবস্থায় রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি সময়ের দাবি।

তিনি আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্পের আয়তন বাড়ানো কঠিন। তাই সমস্যার স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিতে হবে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ইসরাইল-ইরানের মতো বৈশ্বিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন বিশ্ব সম্প্রদায়ের নজরের বাইরে চলে না যায়। রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও ইউএনএইচসিআর-কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে মন্ত্রীকে আমন্ত্রণ জানান ইউএনএইচসিআর প্রতিনিধিরা। সাক্ষাতে ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব নেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান ও উপসচিব বেগম মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।