বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম সময়োপযোগী ও জনবান্ধব: সিরডাপ মহাপরিচালক

৩১

বাংলাদেশ সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে সময়োপযোগী ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) মহাপরিচালক ড. পি চন্দ্র শেখরা।

সোমবার (৪ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে ড. শেখরা বিশেষভাবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানে সরাসরি প্রভাব ফেলছে। মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। পল্লী উন্নয়নে গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রমে সিরডাপ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা ও কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সরকার এ ধরনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা দেবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।