কেউই আমাদের কথা শোনে না : রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৩৬

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে কেউই আমাদের কথা শোনে না।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সের্গেই ল্যাভরভ দাবি করেন, জীবাণু অস্ত্র তৈরির জন্য পেন্টাগন (মার্কিন প্রতিরক্ষা বিভাগ) ইউক্রেনকে ব্যবহার করছে। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগকে অস্বীকার করলেও বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ গভীর গোপনীয়তার সঙ্গেই আমেরিকা এসব অস্ত্র তৈরি করছে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্রের জীবাণু অস্ত্র গবেষণাগার এবং ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি নিয়ে রাশিয়ার দাবি অযৌক্তিক।

তিনি বলেন, রাশিয়া এখন এসব মিথ্যা দাবি করছে এবং মস্কোর এসব প্রচারণায় সমর্থন দিচ্ছে চীন। রাশিয়া এসব মিথ্যা দাবি করে ইউক্রেনে জীবাণু অস্ত্র বা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে। এ বিষয়ে সাবধান থাকা উচিত।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৪৭৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : বিবিসি