পুলিশের পোশাক আবারও বদলাচ্ছে, খাকি প্যান্ট ফিরছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮

পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আবারও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শার্ট আগের মতো থাকলেও প্যান্ট হবে খাকি রঙের।

সোমবার (৪ মে) সচিবালয়ে রোহিঙ্গা সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

পোশাক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমান পোশাক নিয়ে সারাদেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে কেউ সন্তুষ্ট না। এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি, মানানসইও না। পুলিশ বাহিনীর আবেদনের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হয়েছে।

নতুন পোশাক কেমন হবে সে বিষয়ে মন্ত্রী জানান, ঐতিহ্যবাহী পোশাকের কথা বিবেচনা করা হয়েছে। মেট্রো ও সারাদেশের জন্য আগের শার্ট বহাল রাখা হয়েছে। তবে প্যান্ট খাকি রঙের করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা করে গ্রহণযোগ্য পোশাক চূড়ান্ত করা হয়েছে। কাপড় উৎপাদন ও তৈরির কারণে নতুন পোশাক পরতে কিছুদিন সময় লাগবে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আজ সেটি জানানো হলো।

একজন সাংবাদিককে বিদেশ যেতে না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।