জামিনে মুক্তির পরই জেলগেটে ফের গ্রেপ্তার মাদারগঞ্জের ৬ আওয়ামী লীগ নেতা

৪৪

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছয় নেতা-কর্মী জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন।

গতকাল রোববার ৩ মে সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নেতাদের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তারা গত প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। রোববার আদালত থেকে তাদের জামিন মঞ্জুর করা হয়। জামিনের আদেশের কপি কারাগারে পৌঁছালে সন্ধ্যা ৬টার দিকে তারা কারামুক্ত হন।

 

কিন্তু কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার পরপরই সেখানে অবস্থান নেওয়া ডিবি পুলিশের একটি দল তাদের পুনরায় গ্রেপ্তার করে নিয়ে যায়।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা জেলগেট থেকে নেতাদের পুনরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কোন মামলায় তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান গ্রেপ্তার হওয়া নেতাদের জামালপুর সদর থানায় নেওয়া হবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।থানায় নেওয়া হবে।