হেফাজতের নিন্দা: জাকাত নিয়ে বিএনপি নেত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ 

৩৯

জাকাত নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির নারী নেত্রী নিলুফার মনির কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির ভাষ্য, এ ধরনের মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজে অস্থিরতাও উসকে দিতে পারে।

রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। এটি সমাজে সাম্য, সহমর্মিতা প্রতিষ্ঠা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহর এই পবিত্র বিধান নিয়ে কোনো ধরনের কটূক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“বিএনপির মহিলা নেত্রী নিলুফার মনির জাকাত নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাঁর এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে,” বিবৃতিতে উল্লেখ করেন সাজেদুর রহমান।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনো ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তি তৈরি করে।

জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সবাইকে সম্মানজনক ভাষা ব্যবহারের আহ্বান জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ধর্মীয় বিষয়ে সবাইকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানরা মাঠে নামতে বাধ্য হতে পারেন।