প্রশাসন নয়, শিক্ষকের মানোন্নয়নই মূল লক্ষ্য: শিক্ষামন্ত্রী

৩১

“আমরা মাথাভারী প্রশাসন বাড়াতে চাই না। আমাদের চিন্তা শিক্ষকদের মানসম্মত করা এবং কারিকুলাম ঠিক করা”—এভাবেই শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার ৩ মে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শিক্ষা মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জাতিকে শিক্ষিত করাই মূল লক্ষ্য। প্রশাসন নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা অ্যাড্রেস করতে চাই শিক্ষকদের মান, কারিকুলামের সংস্কার।”

শিক্ষক নিয়োগের জট নিয়ে মন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদ মামলার কারণে আটকে আছে। সেই গ্রিডলক ভাঙতে হবে। এছাড়া গত সরকারের তড়িঘড়ি করে নেওয়া ১৪ হাজার ৩০০ শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে ডিসিপ্লিনে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, সামনে আরও ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ দিতে হবে। প্রাইমারিতে ১৫ হাজার, পাবলিক সিস্টেমে ৭৭ হাজার এবং সরকারি হাই স্কুলে ৭ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। “আমরা এগুলো যত দ্রুত সম্ভব শেষ করতে চাই,” বলেন শিক্ষামন্ত্রী।