হামের টিকা ৮১ শতাংশ শিশুকে দেওয়া শেষ, শতভাগের লক্ষ্যে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

৩০

দেশে হামের টিকাদান কর্মসূচিতে ৮১ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দ্রুত শতভাগ কভারেজ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান তিনি।

রোববার (৩ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেশন শেষে মন্ত্রী বলেন, হাম এখন নিয়ন্ত্রণে এবং মৃত্যুহারও কমেছে। তবে টিকাদান কর্মসূচি শতভাগ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত অনেক হাসপাতাল ভবন এখনও অসমাপ্ত। সেগুলো দ্রুত চালু করা হবে। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধকে গুরুত্ব দেওয়ার কথা বলেন মন্ত্রী।

অ্যাম্বুলেন্স সংকট, ওষুধের ঘাটতি, ভেজাল ওষুধ বিক্রি ও চিকিৎসকদের অনুপস্থিতির মতো সমস্যা সমাধানে মোবাইল টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে। অবৈধ ক্লিনিক ও ডিসপেনসারিতে নজরদারি বাড়িয়ে অপচিকিৎসা বন্ধ করা হবে বলেও জানান তিনি।

মাতৃস্বাস্থ্য ও শিশুর পুষ্টি নিশ্চিতে ব্রেস্টফিডিং বাড়াতে ইউনিয়ন পর্যায়ে কাউন্সেলিং জোরদারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জলাতঙ্ক ও সাপের কামড়ের চিকিৎসায় অ্যান্টি-রেবিস ভ্যাকসিন ও অ্যান্টিভেনমের সরবরাহ স্বাভাবিক রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে। এটি দ্রুত বাস্তবায়ন হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।