এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে লিটারে ২ পয়সা বৃদ্ধি

৩৪

মে মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারে ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানায়, চলতি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের মতোই ১ হাজার ৯৪০ টাকা থাকছে। এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

অন্যদিকে মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এপ্রিল মাসে অটোগ্যাসের দামও দুই দফায় সমন্বয় করা হয়। ২ এপ্রিল ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল কমিশন।