কৃষক কার্ড বিতরণ শুরু ১ জুলাই, বৈষম্য হবে না: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সার্বজনীনভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে সারা দেশে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

শনিবার (২ মে) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বিএডিসির আয়োজনে ‘পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি দেখা হয়নি। যারা কার্ড পাওয়ার উপযুক্ত, সবাই পেয়েছে। কৃষক কার্ডও একইভাবে সার্বজনীন হবে।’

কৃষকদের ফুল চাষে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যশোর আর ঝিনাইদহ যদি ফুল উৎপাদন করতে পারে, আপনারা কেন পারবেন না? ফুল আরও বেশি লাভজনক ফসল।’

তিনি আরও বলেন, ‘আশুরার বিল, সিতাকোটের মতো স্থানগুলোতে যদি আমরা ভালো কিছু করতে পারি, তাহলে বাইরের মানুষ দেখতে আসবে। বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ে সব শ্রেণি-পেশার মানুষ স্বাবলম্বী হোক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।