‘তথ্য বিকৃতি রোধই এখন বড় চ্যালেঞ্জ’: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তথ্যমন্ত্রী

তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মতো করে প্রকাশের প্রবণতা মোকাবিলাই এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করতে পারলে অপতথ্যকে প্রতিহত করা সম্ভব।

শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া ঝুলেছিল। এখন তা পুনরায় চালু করা হচ্ছে। গণমাধ্যমই জনগণের প্রত্যাশাকে জীবন্ত রাখতে পারে। তথ্য হচ্ছে পানি, তা ধারণ করার জন্য বিভিন্ন রঙের গ্লাস থাকে। কিন্তু কে কোন রঙের পাত্রে রেখে জনগণকে দেখাবেন, সেটিই প্রশ্ন।’

সিভিলাইজেশনের জন্য ফ্রি ইনফরমেশন ও ক্লিন ইনফরমেশন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘তথ্য সরবরাহের চেয়ে তথ্যকে নিজের মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ।’

মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘স্বাধীন গণমাধ্যম তৈরি সরকারের দায়িত্ব। এক্ষেত্রে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য বড় চ্যালেঞ্জ স্টেকহোল্ডারদের একত্রিত করা। যাদের সহযোগিতায় মুক্ত এবং দায়িত্বশীল গণমাধ্যম তৈরি সম্ভব।’