হাওরের কৃষকদের জন্য এগিয়ে এলো ধান-চাল সংগ্রহ অভিযান

৩৮

আকস্মিক বন্যায় ক্ষতির মুখে পড়া হাওর এলাকার কৃষকদের সহায়তায় বোরো ধান-চাল সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলায় আগামী ৩ মে থেকেই ধান-চাল কেনা শুরু হবে। আগে এই তারিখ নির্ধারিত ছিল ১৫ মে।

শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই জরুরি সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাকি জেলাগুলোতে পূর্বঘোষিত সময় অনুযায়ীই কার্যক্রম চলবে—৩ মে ২০২৬ থেকে ধান এবং ১৫ মে ২০২৬ থেকে চাল সংগ্রহ শুরু হবে। তবে হাওর অঞ্চলের কৃষকরা যেন দ্রুত ফসল বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেজন্যই শুধু এই ছয় জেলার জন্য তারিখ এগিয়ে আনা হয়েছে।

চলতি বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে মোট ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে।

সরকার নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। এছাড়া খাদ্য মজুত শক্তিশালী করতে ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সারা দেশে এই সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।