১০ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিকুর রহমান

৪০

দীর্ঘ ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সিদ্দিকুর রহমান জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটানো ও নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে এতদিন বিষয়টি প্রকাশ করেননি।

মুক্তির অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, “কারাগার থেকে বের হওয়ার পর এক ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

মামলার প্রেক্ষাপট

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট সিদ্দিকুর রহমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।