জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: প্রতিমন্ত্রী অমিত

৩৭

জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের বেশিরভাগই শ্রমজীবী মানুষ— এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, সরকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানা আবার চালু করতে কাজ শুরু করেছে।

শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারে সচ্ছলতা বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

হাওড়াঞ্চলের কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতিবৃষ্টিতে যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের ক্ষতি পোষাতে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রতিমন্ত্রীর ভাষায়, শ্রমিক ও প্রান্তিক মানুষের জন্য নেওয়া এসব উদ্যোগ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

সমাবেশ শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন তিনি। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।